last year
148

কম উচ্চতার আসবাব এখন নতুন ট্রেন্ড তৈরি

খোলামেলা ঘরে আলো-বাতাস খেলবে, একটু হাত-পা ছড়িয়ে থাকা যাবে, এই সামান্য স্বপ্ন আজ অনেকের কাছেই অধরা। অনেক সময়েই পরিস্থিতির কারণে বড় বাড়ির পরিবর্তে মানিয়েগুছিয়ে থাকতে হয় ছোট্ট ফ্ল্যাট-বাড়িতে। প্রয়োজনীয় আসবাব রাখতে রাখতেই ঘরের ভিতর চলাফেরার জায়গা থাকে না। আসবাবগুলো যেন আলো-বাতাস চলাচলের অন্তরায় হয়ে দাঁড়ায়, ঘরের ভিতর থাকতে যেন হাঁফ ধরে যায়। অথচ প্রয়োজনীয় জিনিস রাখার জন্য আসবাব চাই। এমন পরিস্থিতিতে আদর্শ কম উচ্চতার আসবাব বা লো-হাইট ফার্নিচার। ছোট আয়তনের ঘরে বিশেষ করে নিচু সিলিং হলে কম উচ্চতার আসবাবে ঘর খোলামেলা ও বড় দেখায়। সে কারণেই লো-হাইট ফার্নিচার এখন ট্রেন্ড। জনপ্রিয় হচ্ছে কম উচ্চতার আসবাব দিয়ে জাপানি কায়দায় ঘর সাজানো। কাঠ, বাঁশ, বেত, রট আয়রন ইত্যাদি প্রায় সব ধরনের মেটিরিয়ালেরই কম উচ্চতার আসবাব পাওয়া যায়। উপকরণের পাশাপাশি ডিজ়াইনেও বৈচিত্র অঢেল।

বসার ঘরের অন্দরসজ্জায় আমরা সবচেয়ে বেশি নজর দিই। ছোট ঘরে পরিমিত জায়গায় অনেকেই ফরাশ পাতেন। ফরাশের উপরে বিছিয়ে দিতে পারেন খেসের বেডকভার বা শীতলপাটি। সঙ্গে অবশ্যই থাকবে কুশন। ফরাশের পাশে রাখতে পারেন মেঝের লেভেলের কাঠের টি-টেবল। ফরাশ পাতার পরে আরও কিছুটা জায়গা বাঁচলে সেখানে রাখতে পারেন চৌকো, ত্রিভুজ, গোল নানা আকারের হাতলহীন নিচু কাউচ গোছের ওটোম্যান। শুধু বসার জন্য নয়, এর ফাঁপা পেটে প্রয়োজনীয় জিনিসও রাখা যায়। যাঁরা কম উচ্চতার সোফা বা চেয়ার রাখবেন, তাঁরা চিরাচরিত সেন্টার টেবল বা টি-টেবলের পরিবর্তে রাখতে পারেন মাল্টিপারপাস টেবল। এগুলো সাধারণত কম উচ্চতার হয়, যার ভিতরে থাকে একাধিক ড্রয়ার। আবার এমন টেবলও পাওয়া যায়, ভাঁজ খুলে ভিতরের চেয়ার বার করে নেওয়া যায়। এতে জায়গা কম লাগে, আবার এর উচ্চতাও কম। একই কায়দার ডাইনিং টেবলও হয়। এ ক্ষেত্রে টেবলের নীচে র‌্যাক থাকে জিনিস রাখার জন্য। টেবলের মধ্যেই যে চেয়ার রয়েছে, তা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। পুরনো ট্রাঙ্ক থাকলে তা বাতিল না করে ঝেরেঝুরে পছন্দমতো রং করে টেবল হিসেবে দিব্যি ব্যবহার করা যায়। ভিতরে লেপ-তোশক, জামাকাপড়, বাসন ইত্যাদি প্রয়োজনীয় জিনিস রেখে দিন। ট্রাঙ্ক যেমন টি-টেবল হিসেবে ব্যবহার করা যায় তেমনই ছোটদের স্টাডি টেবল হিসেবেও দারুণ কাজের। তাদের বইখাতা, খেলনা যাবতীয় জিনিস ট্রাঙ্কের ভিতরেই রাখতে পারে। ছোটদের ঘরের জন্য লো-হাইট ডিভানের কথাও ভাবতে পারেন।